প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তৃতীয় দিনে ২৮ আসনের ৩০৯টি আবেদন শুনানি সম্পন্ন করল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫

জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ধারাবাহিক শুনানির তৃতীয় দিনে ২৮টি আসন সম্পর্কিত ৩০৯টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, ঢাকা অঞ্চলের ২৮টি আসন নিয়ে শুনানিতে প্রকাশিত খসড়ার বিপক্ষে ২৫৯টি এবং পক্ষে ৫০টি আবেদন ওঠে।

আগামী ২৭ আগস্ট রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের ২টি দাবি-আপত্তির শুনানি হবে। এসব শুনানি শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।

এর আগে গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে খসড়া প্রকাশ করে। এতে গাজীপুরে একটি নতুন আসন যুক্ত হয়ে মোট আসন দাঁড়ায় ৬টি, আর বাগেরহাটে একটি আসন কমে দাঁড়ায় ৩টি। এছাড়া পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৬৪ জেলার গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন। এ অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর মাধ্যমে সমতা আনা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা