প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজায় যুদ্ধ শিগগির শেষ হতে পারে: ট্রাম্পের আশাবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, সাংবাদিক ও চিকিৎসকরা। অবরোধের কারণে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে, যা নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ছে।

এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গাজার যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।

সোমবার (২৫ আগস্ট) ওয়াশিংটনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি মনে করি খুব শিগগিরই এই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি হবে। ক্ষুধা ও মৃত্যুর মতো পরিস্থিতি আর সহ্য করা সম্ভব নয়। প্রতিদিন অসংখ্য প্রাণ ঝরছে। যুদ্ধ বন্ধ করতেই হবে।”

যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প একাধিকবার যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও এখনো তা বাস্তবে রূপ নেয়নি। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে।

এদিন সকালে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ২১ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছেন। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “এ ঘটনায় আমি খুশি নই। এমন দৃশ্য আর দেখতে চাই না। তবে অবশ্যই এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।”

তিনি আরও জানান, গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির উদ্যোগও চলছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা আন্তর্জাতিক আইনে জাতিগত নির্মূল ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা