সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২৫ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। কারা সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেফতারের পর একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন বেঞ্চই ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ করে দেয়।