প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রুমিন ফারহানা ও হাসনাত আবদুল্লাহর পাল্টাপাল্টি মন্তব্যে তোলপাড় রাজনীতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫

বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মধ্যে তীব্র কথার লড়াই শুরু হয়েছে। একে অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি।

সম্প্রতি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক মন্তব্যে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ বলে আখ্যা দেন। এর জবাবে রুমিন ফারহানা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কড়া প্রতিক্রিয়া জানিয়ে হাসনাতকে সমালোচনা করেন এবং বিভিন্ন ছবি ও তথ্যে তার রাজনৈতিক অতীতের প্রমাণ হাজির করেন।

এই পোস্ট ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই এ নিয়ে নানা মন্তব্য করছেন, যা অনলাইন প্ল্যাটফর্মে তুমুল বিতর্ক সৃষ্টি করেছে।

ঘটনার সূত্রপাত হয় গত রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে। সেখানে বিএনপি ও এনসিপির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি আগাম নির্বাচনে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, রুমিন ফারহানা দাবি করেন, তিনি প্রথমে অচেনা এক ব্যক্তির ধাক্কা খেয়েছিলেন। তিনি বলেন, “আমি একজন মহিলা, তাই আমার সঙ্গে এমন আচরণ হলে আমাদের কর্মীরা নিশ্চুপ থাকবে না। প্রতিক্রিয়া হওয়াটা স্বাভাবিক।”

ঘটনার জেরে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা