মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের অন্যান্য দেশগুলোও যারা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে যাচ্ছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়, তারা মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানাচ্ছে। এর মধ্যে রয়েছে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠী। বিশেষভাবে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে, কারণ তারা বছরের পর বছর ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে।
২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যেই সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেই প্রায় চার লাখ রোহিঙ্গা এখানে অবস্থান করছিল। বর্তমানে নতুন করে আসা শরণার্থীদের সঙ্গে মিলে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখে। ক্যাম্পগুলোতে প্রতি বছর প্রায় ৩০ হাজার নবজাতকের জন্ম হচ্ছে বলেও বিভিন্ন সংস্থার তথ্য বলছে।