প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গেস্টরুমের জায়গায় এখন ‘মুড়িপার্টি কালচার’ চলছে—অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে নিষিদ্ধ ছাত্রলীগের গেস্টরুম-গণরুম সংস্কৃতির জায়গায় এখন ‘মুড়িপার্টি কালচার’ চালু হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। আবিদুলের দাবি, আবাসিক হলে গোপন সংগঠনগুলো মুড়িপার্টির আড়ালে তাদের প্যানেল সদস্যদের নাম মুখস্থ করাচ্ছে এবং জোনভিত্তিক ডামি প্রার্থী দাঁড় করাচ্ছে। এতে প্রচারণার সময় ছাত্রদলের প্রার্থীরা হামলার শঙ্কায় রয়েছেন বলেও তিনি জানান।

এ সময় তিনি বলেন, “জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নারীদের নিয়ে অসত্য তথ্য ও কুৎসা রটাচ্ছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “যদি প্রকৃত অর্থে সমান সুযোগ নিশ্চিত করতে চান, তবে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অথচ এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার অব্যাহত রয়েছে। বিটিআরসিকে জানানো হলেও সেগুলো বন্ধ হয়নি।”

আবিদুল আরও অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে হেয় করার নানা ঘটনার পরও যেসব সংগঠন দায়ী তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। “জাতীয় সংগীত অবমাননা থেকে শুরু করে রাজাকারদের পক্ষে অবস্থান—এসব কর্মকাণ্ডের দায়ীদের ক্ষমা করে দেওয়া হয়েছে,” বলেন তিনি।

আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই রাতের বেলা প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। “একজন স্বতন্ত্র প্রার্থী রাত ১টা ১৩ মিনিটে প্রচারণা চালিয়েছে। পরে ক্ষমা চাইলেও একবার সুযোগ দিয়ে দিলে অন্যরাও তা অনুসরণ করবে। তাই প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা