ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় ট্রাফিক আইন ভঙ্গের অদ্ভুত এক ঘটনা সামনে এসেছে। এক যুবক বান্ধবীকে কোলে বসিয়ে বাইক চালাচ্ছিলেন। বিপজ্জনক এ কাজের ভিডিও প্রকাশ করেছে নয়ডা ট্রাফিক পুলিশ।
ভিডিওতে দেখা যায়, সিনেমার রোমান্টিক দৃশ্যের মতো বান্ধবীকে কোলে বসিয়ে হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন ওই যুবক। ট্রাফিক আইন অমান্য করে এমন স্টান্ট করার কারণে তাকে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা গুনতে হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকা।
পুলিশ ভিডিওটি শেয়ার করে মজার ছলে লিখেছে— “রোমিও-জুলিয়েট নয়ডায় বাইক সিক্যুয়েলের চেষ্টা করেছিল। কিন্তু ক্লাইম্যাক্সে প্রেম নয়, বড়সড় চালান।” পুলিশ আরও জানায়, সড়কে রোমান্স নয়, নিরাপত্তা আগে; নিয়ম মেনে চললেই সম্পর্ক ও জীবন দুটোই নিরাপদ থাকবে।