আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) বরিশালের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ঢাকার সিআইডি টিম এ অভিযানে অংশ নেয় এবং স্থানীয় পুলিশ সহযোগিতা করে।
সূত্রে জানা গেছে, জুলাই হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১৭ আগস্ট “জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)” নামের একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সরকারকে তার গ্রেফতারের আলটিমেটাম দেয়।
সংগঠনটির দাবি ছিল, আফ্রিদি শুধু বর্তমানে নয়, অতীতেও রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে যুক্ত ছিলেন। ফেসবুকে দেওয়া পোস্টে তারা উল্লেখ করে, “কোনো নাটক নয়, সরাসরি গ্রেফতার করতে হবে। আফ্রিদি বাংলাদেশেই আছে, প্রমাণস্বরূপ ছবি দেওয়া হলো।”