প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পালিয়ে বিয়ে, গ্রামে ফিরতেই স্ত্রী’র বাবার হাতে নিহত যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫

পালিয়ে বিয়ে করার এক বছর পর স্বামীর সঙ্গে গ্রামে ফিরেছিলেন শিবানী ঝা নামের এক তরুণী। কিন্তু বাড়ি ফেরার পরপরই ঘটে ভয়াবহ ঘটনা। স্ত্রীর বাবার নেতৃত্বে পরিবারের সদস্যরা শিবানীর স্বামী ওমপ্রকাশ বাথামকে বেধড়ক পেটান।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বেলগড় থানার হারসি গ্রামে। স্থানীয় সূত্র জানায়, ওমপ্রকাশ ও শিবানী বিয়ের পর দীর্ঘদিন দাবরা এলাকায় বসবাস করছিলেন। গত ১৯ আগস্ট তারা গ্রামে ফিরলে শিবানীর বাবা, মা ও ভাই মিলে লাঠি দিয়ে ওমপ্রকাশকে পেটান।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

প্রথমে এ ঘটনায় পুলিশ মারধরের মামলা নিলেও পরে তা হত্যা মামলায় রূপ নেয়। শিবানীর বাবা, মা ও ভাইসহ মোট চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা বর্তমানে পলাতক থাকায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্বামীর হত্যার বিচার চেয়ে পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিবানী।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা