রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিচ্ছেন জাতিসংঘ, বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকরা।
সোমবার (২৫ আগস্ট) মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান করবেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকবেন।
এর আগে রবিবার (২৪ আগস্ট) বিকেলে উখিয়ার ইনানীর সেনাবাহিনী পরিচালিত বে-ওয়াচ হোটেলে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘টেকঅ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শিরোনামের এ সংলাপে ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
তিন দিনের এই সম্মেলনে পাঁচটি অধিবেশন হবে। সেখানে আলোচনায় আসবে প্রত্যাবাসন প্রক্রিয়া, আন্তর্জাতিক সহায়তা, আশ্রয়শিবিরের মানবিক সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি সমাধান।
সম্মেলন ঘিরে কক্সবাজারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার প্রবেশপথ, উখিয়া-টেকনাফ ক্যাম্প এলাকা ও ইনানী পর্যটন অঞ্চলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিদেশি অতিথিদের জন্য নির্দিষ্ট নিরাপত্তা রুটও নিশ্চিত করেছে প্রশাসন।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে সহিংসতার পর বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৭ লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে এ সংখ্যা প্রায় ১৩ লাখে পৌঁছেছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তাদের মানবিক সহায়তা দিয়ে আসলেও অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ দিন দিন বাড়ছে। মিয়ানমারের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এখনো প্রত্যাবাসন শুরু না হওয়ায় কক্সবাজারের এই সম্মেলনকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।