সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া পাথর নিজ দায়িত্বে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামী সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার মধ্যে যে যার অবস্থান থেকে এসব পাথর ফিরিয়ে দিতে হবে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, নির্ধারিত সময়ের পর কারো কাছে এসব পাথর পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধিদের এ কাজে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, শুধুমাত্র পাথর ফেরত দেওয়ার বিষয়েই নয়, লুটের সঙ্গে জড়িত মূলহোতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।