কুমিল্লার দাউদকান্দিতে ডিবি পুলিশ পরিচয়ে ৩৫ লাখ টাকা লুটের মূলহোতা সোলাইমান (২৭) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে। রাজধানীর তুরাগের দলিপাড়া এলাকায় শুক্রবার (২২ আগস্ট) রাতে র্যাব-৩ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া জানান, গত বছরের ৩ সেপ্টেম্বর ঢাকার টিকাটুলি থেকে কুমিল্লাগামী একটি বাসে যাত্রী তোফায়েল আহম্মেদের কাছ থেকে নগদ ৩৫ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করা হয়। শহীদনগর এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস বাসটির গতিরোধ করে এবং কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তোফায়েলকে হাতকড়া পরিয়ে নামিয়ে আনে। এরপর তারা তার টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরদিন দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় এর আগে র্যাব-৩ বাড্ডা এলাকা থেকে ইমরান হোসেন শাওন নামে এক আসামিকে গ্রেপ্তার করে। তার জবানবন্দিতে সোলাইমানের নাম উঠে আসে।
সোলাইমান মাদারীপুরের কালকিনি থানার সাহেব রামপুর গ্রামের কালাম ব্যাপারীর ছেলে। তিনি ঘটনার সময় ব্যবহৃত মাইক্রোবাসটির চালক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইচক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
র্যাব জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।