প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গ্রিসে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫

গ্রিসের রাজধানী এথেন্সে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সুদীপ ঘোষ (৪২) ও শরীয়তপুরের মোসলেউদ্দিন বাবু মোল্লা (৬৯)।

বুধবার (২০ আগস্ট) বিকেলে এথেন্সের ব্যস্ততম পেত্রু রালি সড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে পিছনে বসা মোসলেউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সুদীপ ঘোষকে দ্রুত নিকাইয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনিও মারা যান।

নিহত সুদীপ ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে এথেন্সে একটি গাড়ির শোরুমে কাজ করছিলেন। তিনি রেখে গেছেন মা, স্ত্রী ও এক কন্যাসন্তানকে। অন্যদিকে শরীয়তপুরের মোসলেউদ্দিন বাবু মোল্লা বহু বছর ধরে গ্রিসে শ্রমজীবী প্রবাসী ছিলেন।

এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে। একই দিনে দুই প্রবাসীর মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে গ্রিসের প্রবাসী বাংলাদেশি সমাজ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা