প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় ‘কালো দিবস’: ২৩ আগস্টের নিপীড়ন ও সংগ্রামের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫

আজ শনিবার (২৩ আগস্ট), ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ২০০৭ সালের ২০-২৩ আগস্ট ঘটে যাওয়া ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের ওপর অমানবিক নির্যাতনের স্মরণে ‘কালো দিবস’ পালন করছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বেলা ১১টায় কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যার সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

জানা গেছে, ২০০৭ সালের ২০ আগস্ট বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং লোকপ্রশাসন বিভাগের ছাত্রদের মধ্যে ফুটবল খেলার সময় সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালান। এই ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমও শারীরিকভাবে লাঞ্ছিত হন।

পরের দিন ২১ আগস্টের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। আন্দোলন চরম আকার নেওয়ায় পুলিশ ও সেনা আরও কঠোর অবস্থানে আসে। নীলক্ষেত, টিএসসি, কার্জন হল এলাকা সহ ক্যাম্পাস পরিণত হয় সংঘর্ষের ময়দানে। টিয়ারশেল ও রাবার বুলেটে শতাধিক ছাত্র আহত হন।

২২ আগস্ট পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও আন্দোলন ছড়িয়ে পড়ে। ওই সময় সেনা-তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন শহরে কারফিউ জারি করে এবং ঢাবির আবাসিক ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রনেতাদের ওপর হামলা ও গ্রেফতারের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আন্দোলন চলতে থাকে, শেষ পর্যন্ত সেনাসমর্থিত সরকার বাধ্য হয়ে গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে ২৩ আগস্টকে ঢাবি পরিবার ‘কালো দিবস’ হিসেবে স্মরণ করে আসছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা