প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মেঘনা নদীতে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫

প্রবীণ সাংবাদিক ও আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার (৭১) আর নেই। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর স্বজনদের খবর দেওয়া হয়েছে। কীভাবে বিভুরঞ্জন সরকার নদীতে গেলেন এবং মৃত্যুর কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। পরিবারের সদস্যরা শনাক্তের জন্য মুন্সীগঞ্জে যাচ্ছেন।

পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো বাসা থেকে অফিসের উদ্দেশে বের হয়েছিলেন তিনি। তবে সেদিন অফিসে যাননি এবং আর বাসায়ও ফেরেননি। খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় শুক্রবার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।

উদ্ধারের সময় মরদেহের পরনে ছিল হাফ হাতা শার্ট এবং গলায় ফিতায় ঝোলানো চশমা। পরবর্তী প্রক্রিয়ার জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। বিশেষ করে কলাম লেখার মাধ্যমে তিনি পরিচিতি পান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় তার বসবাস ছিল।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা