প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল আগামী সপ্তাহের শেষ দিকে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ১ আগস্ট অনুষ্ঠিত ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর গঠনতন্ত্র অনুমোদন করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করা হয়নি। তবে নির্বাচন পরিচালনার জন্য ১২ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। এতে আহ্বায়ক হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন এবং সদস্য সচিব হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।

ড. মনির উদ্দিন জানান, ভোটার তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী রোববারের মধ্যে তা চূড়ান্ত করা হবে। পাশাপাশি আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে। এই দুটি কাজ সম্পন্ন হলে তফসিল ঘোষণা করা হবে।

তবে গঠনতন্ত্রে প্রার্থীর বয়সসীমা ৩০ বছর ও দপ্তর সম্পাদক পদে কেবল ছেলে শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করায় ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে সমালোচনা উঠেছে।

শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, “বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে বয়সসীমা ৩০ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দপ্তর সম্পাদক পদ কেবল ছেলে শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে—এটি বৈষম্যমূলক।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী জানান, তফসিল দ্রুত ঘোষণা ও শতভাগ আবাসনের দাবিতে তারা আগামী রোববার অবস্থান কর্মসূচি করবে।

ছাত্র অধিকার পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বিভিন্ন সংগঠনও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, বড় দুটি ছাত্র সংগঠনের ইশারায় চবি প্রশাসন সময়ক্ষেপণ করছে।

শিক্ষার্থীদের মতে, চাকসু একটি স্বীকৃত প্ল্যাটফর্ম, যা তাদের ন্যায্য দাবি আদায় ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করবে। তাই টালবাহানা না করে দ্রুত নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়েছেন তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা