গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ডা. বাবর বাসায় উপস্থিত ছিলেন না।
শুক্রবার (২২ আগস্ট) রাত ২টা থেকে ভোর ৩টার মধ্যে গোপালগঞ্জ সেনানিবাসের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত তার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি গোপালগঞ্জ সদর থানার পুলিশও অংশ নেয়।
যৌথ বাহিনীর সদস্যরা জানায়, ডা. বাবরের বাসার বাথরুমের ফ্লাশ ট্যাঙ্কের ভেতর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসপত্র পরে সদর থানায় জমা দেওয়া হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, অভিযানের পর উদ্ধার করা পাইপগান ও কার্তুজ থানায় জমা হয়েছে। এ বিষয়ে প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।