প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিমতলা চালতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। নিহত ও আহত সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, নিহতরা সবাই কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। আহত কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

এর আগে, একই দিন সকালে এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার উল্টে নিহত হন আরও তিনজন। পৃথক দুটি ঘটনায় এক দিনেই এক্সপ্রেসওয়েতে মোট ছয়জনের প্রাণ গেল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা