যশোরে প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ২ ভরি ১৩ আনা ওজনের স্বর্ণালঙ্কার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে—১৯টি আংটি, ৬ জোড়া কানের দুল, একটি দড়ি চেইন, দুটি কমল চেইন, দুটি পাক চেইন ও একটি টিকলি।
গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর আরশ নগরের নফল আলীর ছেলে আসাদুল শেখ ওরফে রাজু (বর্তমানে যশোরের সাখারীগাতি গ্রামে ভাড়া থাকেন) এবং একই এলাকার আব্দুল গফ্ফারের ছেলে খাইরুল ইসলাম, যিনি রূপদিয়া বাজারের মামনি জুয়েলার্সের মালিক।
পুলিশ জানায়, ভুক্তভোগী গোলাপী রানীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে রাজু ‘ধর্ম বোন’ ডেকে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। পরে তিনি দাবি করেন, তার জাদুবিদ্যার মাধ্যমে কাগজ থেকে টাকা বানানো কিংবা স্বর্ণ বহুগুণ বাড়ানো সম্ভব। প্রথমে এক জোড়া দুল দিয়ে প্রাথমিকভাবে তাকে ফাঁদে ফেলে বেশি স্বর্ণ দেখিয়ে ফেরত দেন। এতে প্রলুব্ধ হয়ে গোলাপী রানি ৩ আগস্ট আরও ৩ ভরি স্বর্ণালঙ্কার রাজুর হাতে তুলে দেন। এরপর রাজু কৌশলে পালিয়ে যান।
অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। মামলার মাত্র দুই ঘণ্টার মধ্যেই বুধবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে রাজুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রূপদিয়া বাজার থেকে সহযোগী খাইরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।
পরদিন দুপুরে তাদের আদালতে সোপর্দ করলে রাজু প্রতারণার বিষয়টি স্বীকার করেন। আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।