অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে এ আদেশ কার্যকর হয়। অভিযুক্তরা হলেন এসআই রাজু ও এএসআই ওয়ালিদ। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী।
তিনি জানান, নাভারণ পুরাতন বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চোরাই মোবাইল ফোন ছাড়িয়ে দেওয়ার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যবস্থা নেয়। ১৫ আগস্ট ঝিকরগাছার নাভারণ বাজারে অভিযানে ৫৩টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তবে পরে স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় মোটা অঙ্কের অর্থ ও দুটি ফোনের বিনিময়ে সাইফুলকে ছেড়ে দেওয়া হয়।
পরে ডিবি পুলিশের অভিযানে সাইফুলের দোকান ও বাসা থেকে আরও ৪৪টি ভারতীয় চোরাই ফোন উদ্ধার হয়। আদালতে সোপর্দের পর সাইফুল চোরাই ফোন ব্যবসার কথা স্বীকার করেন।
অভিযুক্ত এসআই রাজু ফোনে জানান, তিনি ঢাকায় অফিসিয়াল কাজে আছেন এবং ক্লোজডের বিষয়ে শুধু শুনেছেন। তবে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) আবুল বাসার বলেন, তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ওসি নূর মোহাম্মদ গাজী জানান, ঘটনাস্থল ও স্থানীয়দের বক্তব্য যাচাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।