ভারতের হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। তার মতে, যদি কেন্দ্রীয় সরকার সত্যিই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চায়, তবে শেখ হাসিনাকেই প্রথমে ফেরত পাঠানো উচিত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওয়েইসি বলেন, “আমরা কেন হাসিনাকে আশ্রয় দিয়েছি? তিনি তো বাংলাদেশি নাগরিক। তাকেও ফেরত পাঠানো উচিত।”
তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন প্রদেশ থেকে ধরে এনে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে ফেলে আসা হচ্ছে। তার ভাষায়, “একদিকে একজন বাংলাদেশিকে থাকতে দিচ্ছি, অন্যদিকে নিজেদের নাগরিকদের হয়রানি করছি—এটা কেমন নীতি?”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। সে সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান এবং তখন থেকেই দেশটিতে অবস্থান করছেন।
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ একাধিক অভিযোগে মামলা করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাঁকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে ঢাকা।