প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কারপূর্বক জাতীয় নির্বাচন চাই: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, সরকারের উচিত গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন নিশ্চিত করার পর জাতীয় নির্বাচন আয়োজন করা। তবে অনেকেই শুধু সরাসরি জাতীয় সংসদ নির্বাচন চায়। এই প্রসঙ্গে সরকারের কাছে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, “বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসনে যে সংস্কারের প্রয়োজন, তা বাস্তবায়নের জন্য জনমত তৈরিতে মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি।”

তিনি আরও বলেন, গণপরিষদ নির্বাচনসহ সংবিধান ও বিচারসংক্রান্ত সংস্কারের কার্যক্রম দৃশ্যমান করার জন্য কাজ চলছে। সরকার যে সংস্কারগুলো আলোচনায় এনেছে, সেগুলো দ্রুত কার্যকর করার জন্যও জনমত গঠন করা হচ্ছে।

এনসিপি নেতা আরও বলেন, “নির্বাচনের জন্য সরকার যে সময়সীমা দিয়েছে, সে সময়ে নির্বাচন সম্ভব। তবে তার আগে বিচার ব্যবস্থা দৃশ্যমান, মাঠপর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি। এগুলো দ্রুত বাস্তবায়ন করলে নির্বাচনও দ্রুত সম্ভব।”

বৈরী আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার আখতার হোসেন রংপুর-৪ আসনের কাউনিয়া উপজেলার চর গোনাই, হারাগাছ, সারাই ও পীরগাছা এলাকায় গণসংযোগ করেন। এ সময় এনসিপির রংপুর মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা