প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পূর্বাচলে সাগর-রুনির ছেলের নামে জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রাষ্ট্র guest ভবন যমুনায় মেঘের হাতে এই দলিল তুলে দেন তিনি।

২০০৪ সালে আবেদন ও ২০০৫ সালে বরাদ্দ পাওয়া এই প্লটের পূর্ণ মূল্য ২০০৯ সালে পরিশোধ করেন সাগর সরওয়ার। তবে দীর্ঘ ১৫ বছরেও জমি বুঝে পাননি পরিবারটি। উত্তরাধিকার সূত্রে জমির বর্তমান মালিক সাগরের মা সালেহা মনির ও ছেলে মেঘ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আলোচিত সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি নিয়েও খোঁজ নেন। তিনি বলেন, “একটি মামলার তদন্তে এমন দীর্ঘসূত্রিতা মানুষের মাঝে হতাশা ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তদন্তে বিলম্বের কারণে অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে গেছে বলে পিবিআই জানিয়েছে।

এ সময় মেঘ প্রধান উপদেষ্টাকে নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ উপহার দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা