প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুকুরেই ইলিশ চাষের সম্ভাবনা: বাকৃবি উপাচার্যের আশাবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, দেশের মৎস্য খাতে ইতোমধ্যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মৎস্য বিজ্ঞানীদের গবেষণার কারণে এখন মানুষ অল্প খরচে সহজেই মাছ খেতে পারছে। আশার কথা হলো—ইলিশের মতো দামি মাছও এখন পুকুরে চাষের উপযোগী পরিবেশ তৈরি সম্ভব হচ্ছে। ইলিশের স্বাভাবিক আবাসস্থল পুকুরে গড়ে তোলার লক্ষ্যে গবেষকরা নিরলসভাবে কাজ করছেন।

জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি। মাংস দিনে একাধিকবার খেলেও একঘেয়ে লাগে, কিন্তু মাছ আমাদের প্রিয় খাদ্য, কখনো বিরক্ত লাগে না। জাতীয় দিবসের সাথে মিল রেখে এ আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

‘অভয়াশ্রম গড়ি, দেশি মাছে ভরি’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের জীববৈচিত্র্যের হ্রাস, তার কারণ এবং অভয়াশ্রম গড়ে উৎপাদন বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহ বিভাগীয় মৎস্য দপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়। পরে নদীতে পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা