প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্টে পাকিস্তান যেতে ভিসা লাগবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫

অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফলে এখন থেকে বাংলাদেশের বিশেষ এই পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন।

এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এদিন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, পাকিস্তানের মতো এরকম চুক্তি আমরা আরও ৩১টি দেশের সঙ্গে করেছি। এই চুক্তি হবে পাঁচ বছরের জন্য। এর ফলে যারা অফিশিয়াল পাসপোর্ট এবং কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করছেন, তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের যারা অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করছেন— তারাও বাংলাদেশে সফর করতে পারবেন কোন ভিসা ছাড়াই। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।

ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে। তবে এতে কয়েক বছর সময় লাগবে। এ সরকার আশানুরূপ অগ্রগতি দেখাতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা নিয়ে আর্ন্তজাতিক কনফারেন্সে অংশ নিতে ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন বলেও এ সময় তিনি উল্লেখ করেন।

অর্ন্তবর্তী সরকার আসার পরে সংস্কার নিয়ে প্রতিটি মন্ত্রণালয় স্ব-প্রণোদিত হয়ে কাজ করেছে, সংস্কার কমিশনের আশায় বসে থাকেনি বলেও জানিয়েছেন শফিকুল আলম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা