রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ৩টার পর থেকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুহাম্মদ তারিকুজ্জামান।
তিনি বলেন, বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। সিটি কলেজের শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাস ত্যাগ করছেন। আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহত শিক্ষার্থীরা চাইলে আইনগত সহায়তা পাবে।
এদিন দুপুরে ঢাকা কলেজের সামনে থেকে দুইজন আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে রিকশা থামিয়ে মারধরের অভিযোগ ওঠে। এসময় এক শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
এর আগে সকাল ১১টার দিকে পূর্বের বিরোধকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় কলেজের দুই শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়। পরে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। শেষে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।