ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসসহ ১১টি সিএনজিচালিত অটোরিকশা ও পুরো স্টেশন আগুনে পুড়ে যায়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে স্টেশনে গ্যাস ভরার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্টেশনের কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিনসহ মোট ছয়জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ জানান, ‘আমরা স্টেশনের তিনতলা ভবনের কক্ষে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন লাগার চিৎকার শুনে বাইরে তাকাতেই দেখি চারদিকে আগুন। প্রাণ বাঁচাতে তিনতলা থেকে লাফ দিতে হয়। বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।’
এদিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে একটি বাস, ১০টি অটোরিকশা এবং পুরো স্টেশন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।’