খাগড়াছড়ি সদর উপজেলার শাপলা চত্বর-সংলগ্ন সেতুর নিচ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে স্থানীয়রা ঘটনাটি দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, ব্রিজের পাশের বাঁশঝাড়ে ফেলে রাখা একটি তেলের খালি কার্টনের ভেতরে নবজাতকটির মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আরও জানান, মৃত নবজাতকের দেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।