বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ বিএনপির প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসা পোষণ করে। সাধারণ জনগণের কাছে বিএনপি যেমন গ্রহণযোগ্যতা পেয়েছে, অন্য কোনো রাজনৈতিক দল তা অর্জন করতে পারেনি। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বিএনপিকে বিশ্বনেতারা আস্থা রাখেন বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছিলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব অটুট থাকবে।”
তারেক রহমানকে ‘পরিচ্ছন্ন ও সৎ রাজনীতির প্রতীক’ উল্লেখ করে দুলু বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়াসহ বিশ্বে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। তিনি আরও দাবি করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের মতো নেতৃত্ব ভবিষ্যতে আর তৈরি হবে না।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহির প্রমুখ।