পাকিস্তানে টানা প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আরও ২৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
১৯ আগস্ট (মঙ্গলবার) বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়, গত ২৬ জুন শুরু হওয়া মৌসুমি বর্ষণের তাণ্ডবে সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলা। এখানে অন্তত ২২২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। অনেক গ্রাম আকস্মিক বন্যার পানিতে নিশ্চিহ্ন হয়ে গেছে, এখনো চলছে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান।
শুক্রবার রাতের প্রবল বর্ষণ ও মেঘ বিস্ফোরণের কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যার পানিতে ঘরবাড়ি, গবাদিপশু, ফসল ও অবকাঠামো ভেসে গেছে। প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাবে, এ পর্যন্ত ৭৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩৪৯টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত এক হাজার আহত মানুষকে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।