লক্ষ্মীপুরের ছাত্রদল নেতা সুলতান বাপ্পী একাধিকবার ছাত্রলীগ-যুবলীগের হামলার শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি। পরিবারের লোকজন গত চার বছর ধরে তাকে শেকলবন্দি অবস্থায় রাখলেও সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।
বাপ্পীকে আবারও সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। এ ঘোষণার পর সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রমারখিল গ্রামে বাপ্পীর বাড়ি যান। এসময় ভিডিও কলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বাপ্পীর সাথে কথা বলেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, বাপ্পীকে মঙ্গলবার সকালে ঢাকায় আনা হবে এবং তার চিকিৎসার সব দায়িত্ব ইতোমধ্যেই তারেক রহমান গ্রহণ করেছেন।
বাপ্পীর পরিবার জানায়, ২০২১ সালে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল আয়োজনের পর তাকে বারবার মারধর করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাথায় আঘাত পাওয়ার পর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরিবারের দাবি, এখনো বাপ্পীর পরিবার আর্থিক সংকটে আছে, তাই চিকিৎসার পাশাপাশি তাদের জীবিকার ব্যবস্থাও করতে হবে।
জেলা ছাত্রদল নেতারা আশা প্রকাশ করেছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে বাপ্পী সুস্থ হয়ে আবারও আন্দোলন-সংগ্রামে তাদের পাশে দাঁড়াতে পারবেন।