প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যশোরে দায়িত্ব ফেলে ভ্রমণে বিচারক: সুপ্রিম কোর্টে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫

যশোরে বিচারিক দায়িত্ব পালন না করে ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে এক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছেন যশোরের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস।

সোমবার (১৮ আগস্ট) ডাকযোগে পাঠানো অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট (শুক্রবার) যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা। কিন্তু আদালতে হাজির থাকা প্রায় ৩০ জন আসামি ও শতাধিক মানুষের উপস্থিতি সত্ত্বেও তিনি দায়িত্বে না থেকে ঝিকরগাছার গদখালীর ফুলবাগানে ভ্রমণে যান। এতে আসামিদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানাও নিয়মিত দায়িত্ব পালনে অবহেলা করছেন। এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানান অ্যাডভোকেট দেবাশীষ দাস।

তিনি আরও উল্লেখ করেন, এর আগেও যশোর জজ আদালতের হাজতখানা থেকে এক আসামি পালানোর ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে জেলার অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় হাজতখানার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। বিচারকের দায়িত্বহীনতায় বিচারপ্রার্থী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা