ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২৮টি পদের বিপরীতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানিয়েছেন, কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা বিস্তারিতভাবে বলা সম্ভব হয়নি। সোমবার ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন, যার মধ্যে ৪৪২টি ফরম আজ বিক্রি হয়েছে। ফরম জমা দেয়ার শেষ সময় আগামীকাল।
ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহের সুযোগ ছিল। যাচাইবাছাই শেষে ২১ আগস্ট দুপুর একটার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
একই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য মোট ১,২২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।