প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

তেলবাহী ট্রেনের ৫ ওয়াগন লাইনচ্যুত, ১২ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রায় ১২ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) ভোরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রুটে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে খুলনা থেকে আমনুরা জংশনগামী ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় দুর্ঘটনা ঘটে। এসময় পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এতে আটকে পড়ে রহনপুর থেকে ছেড়ে আসা ইশ্বরদীগামী ইশ্বরদী কমিউটার ও রাজশাহীগামী পূর্ণভবা কমিউটার ট্রেনের যাত্রীরা।

রাত ১১টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং সোমবার ভোর সোয়া ৫টার দিকে কাজ সম্পন্ন হয়। এরপর সকাল সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল আবারও শুরু হয়।

আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, খুলনা থেকে আসা ট্রেনটি জংশনে পৌঁছানোর পরপরই ওয়াগনগুলো লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, ট্রেনটি পাশের ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে তেল সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর মাত্র ১০০ মিটার আগেই ওয়াগনগুলো লাইনচ্যুত হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা