প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“জেল নয়, এখন আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে” — ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সময়ে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মনে হয়েছিল তাকে হয়তো জেলে পাঠানো হবে এবং জামিন দেওয়া হবে না, কিন্তু হত্যার হুমকি পাননি। তবে বর্তমানে তাকে সরাসরি হত্যার পরিকল্পনার কথা বলা হচ্ছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ আশঙ্কার কথা জানান।

ফজলুর রহমান বলেন, “২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ভেঙে দেওয়ার পর হাজারো নেতাকর্মী গ্রেপ্তার হন, অনেকেই পালিয়ে বেড়াতে থাকেন। সেই সময়ে আমিও প্রতিদিন সরকারের বিরুদ্ধে সরব থেকেছি। স্ত্রীকে বলেছিলাম তুমি হয়তো বিধবা হবে, সন্তানদের বলেছিলাম তোমরা হয়তো এতিম হবে, তবুও আমি ঘর ছেড়ে পালাইনি। তখনও ভেবেছিলাম সরকার আমাকে জেলে নেবে, কিন্তু মেরে ফেলবে না।”

তিনি আরও বলেন, “কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। সরকারের পক্ষ থেকে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে, জামায়াত-শিবিরের পক্ষ থেকে এমনকি প্রবাসী কিছু ইউটিউবারও প্রকাশ্যে বলছে আমাকে হত্যা করা ফরজ হয়ে গেছে। কেউ বলছে আমার বিরুদ্ধে ‘মব জাস্টিস’ চলবে। আর মব জাস্টিস মানেই আমার মৃত্যু।”

প্রবীণ এই রাজনীতিবিদ মনে করেন, বর্তমান সময়ে তার জীবনের ঝুঁকি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা