প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতের দুই নেতাকে ডাকযোগে রাজনীতি ছাড়ার হুমকি ও  চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন।

শনিবার (১৬ আগস্ট) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রিকৃত চিঠি পান। ওই চিঠিতে তাকে জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। খামের প্রেরকের নাম লেখা ছিল মো. কবির মিয়া, যার ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় উপজেলার কামারকাঠী গ্রামের নাম।

এর আগে বুধবার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম ডাকযোগে হুমকিমূলক আরেকটি চিঠি পান। সেখানে তাকেও রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়। খামের প্রেরক হিসেবে লেখা ছিল স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা মো. জাহিদ সিকদারের নাম।

এ বিষয়ে জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, “আমাদের ইউনিয়নের দুই নেতা একইভাবে হুমকি ও চাঁদার দাবির শিকার হয়েছেন। চিঠিতে দেওয়া নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে আমরা থানায় অভিযোগ করেছি।”

ওসি মো. বনি আমিন বলেন, “অভিযোগ পেয়েছি। চিঠিতে থাকা মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে দেখা গেছে, এগুলো চট্টগ্রামের। এ বিষয়ে তদন্ত চলছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা