সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কার্যক্রমে ভাতা দ্বিগুণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীন অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনায় বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা এক ঘণ্টা ক্লাস নিলে ভাতা পাবেন ৩ হাজার ৬০০ টাকা, যা আগে ছিল ২ হাজার ৫০০ টাকা। উপসচিব ও তার নিম্নপর্যায়ের কর্মকর্তারা এক ঘণ্টা ক্লাস নিলে পাবেন ৩ হাজার টাকা, যা আগে ছিল ২ হাজার টাকা।
প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও ভাতা বাড়ানো হয়েছে। এতদিন গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব পর্যায়ের প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ৬০০ টাকা ভাতা পেতেন, নতুনভাবে সেটি বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। অন্যদিকে গ্রেড-১০ ও তার নিম্নপর্যায়ের প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ৫০০ টাকা পেতেন, সেটি এখন থেকে ১ হাজার টাকা হবে। একইভাবে কোর্স পরিচালকের প্রতিদিনের সম্মানী ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। কোর্স সমন্বয়কের সম্মানী প্রতিদিনের জন্য ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৯ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এবারের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশিক্ষণ, সম্মানী ও সংশ্লিষ্ট ভাতা প্রায় দ্বিগুণ করা হলো