প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বামপন্থীরা ঐতিহাসিকভাবে ভারতের দালাল — সিলেটে মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫

সিলেট নগরীর একটি মিলনায়তনে গার্ডিয়ান পাবলিকেশন্স আয়োজিত অনুষ্ঠানে শনিবার (১৬ আগস্ট) প্রকাশিত হলো কায় কাউস রচিত ‘ঐতিহাসিক সিলেট গণভোট: পাকিস্তানে অন্তর্ভুক্তির সংগ্রাম’ গ্রন্থ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, বামপন্থীরা ঐতিহাসিকভাবে ভারতের দালাল। স্বদেশী আন্দোলন ছিল মূলত মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু সে ইতিহাস চর্চা করা হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর ‘আমার সোনার বাংলা’ রচনা করেছেন বাংলার বিরোধিতা করে—এমন মন্তব্যও করেন তিনি।

সভায় প্রধান আলোচক ডা. ফাহমিদ-উর-রহমান বলেন, সিলেট গণভোট ইতিহাস থেকে হারিয়ে গেছে। তিনি আরও বলেন, দ্বিজাতিতত্ত্ব জিন্নাহর সৃষ্টি নয়, এটি এসেছে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার থেকে। ১৯৪৭ থেকে ১৯৭১-এর ইতিহাসকে ফিকশন হিসেবে শেখানো হয়েছে, এখন মুক্তির সময় এসেছে।

বিশেষ অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ১৯৪৭ সালকে বাংলা বইয়ে অপরাধ হিসেবে উপস্থাপন করা হয়, অথচ পাকিস্তান হওয়া ছিল অনিবার্য। তিনি উল্লেখ করেন, ১৯৪৭ না হলে ১৯৭১-ও হতো না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের।

দোয়া পরিচালনা করেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

এড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ, অধ্যাপক ড. রাবেয়া খাতুন, সিলেট আমার দেশ পাঠক মেলার সভাপতি ডা. হোসাইন আহমদ, যমুনা ওয়েল গ্রুপের পরিচালক সালেহ আহমদ খসরু, বাসস সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, মহানগর পাবলিকেশন্স চেয়ারম্যান তৌহিদুল মিনহাজ, আমার দেশ সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা