৮৪ দফা সম্বলিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এবং এর বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামাসহ পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (১৬ আগস্ট) এই খসড়া প্রেরণ করা হয়।
কমিশন জানিয়েছে, খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্যগঠন বা কোনো বিষয়ে প্রস্তাবনা থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দিতে হবে।
অঙ্গীকারনামার মূল দিকসমূহ:
অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সাংবিধানিক কনভেনশনের ধারাবাহিকতায় যেমন—
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে সংবিধান না থাকা সত্ত্বেও যুদ্ধ-পরবর্তী কার্যাবলি সংবিধানে বৈধতা পায়,এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর প্রধান বিচারপতির অস্থায়ী রাষ্ট্রপতি হওয়া ও পরবর্তী কার্যক্রম রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে বৈধতা লাভ করে,
তেমনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানও জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে সাংবিধানিক কনভেনশনের মর্যাদা পাবে।অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো ঘোষণা করে—
১. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
২.জনগণের অভিপ্রায় সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানে প্রতিফলিত হবে এবং বিদ্যমান কোনো আইনের সাথে ভিন্নতা থাকলে সনদের প্রস্তাব প্রাধান্য পাবে।
৩. সনদের ব্যাখ্যা সংক্রান্ত চূড়ান্ত এখতিয়ার থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
৪. সনদের বৈধতা বা প্রয়োজনীয়তা আদালতে প্রশ্ন তোলা যাবে না।
৫. রাষ্ট্রব্যবস্থা, নির্বাচন, বিচার, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন–সব ক্ষেত্রে সনদের প্রস্তাব অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন বা নতুন আইন প্রণয়ন করা হবে।
৬. ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য সাংবিধানিক স্বীকৃতি পাবে।
৭. অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, পরিবারকে সহায়তা এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করা হবে।
৮. যে প্রস্তাবগুলো অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে, তা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কার্যকর করতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এই সনদই ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের মূল দলিল হয়ে উঠবে।