নড়াইলে জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে প্রার্থী নির্বাচনের পদ্ধতি বা প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন (পিআর) চালু করার ওপর গুরুত্বারোপ করেছে। শনিবার (১৬ আগস্ট) সকালে জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ‘নেতাকর্মীদের করণীয়’ শীর্ষক লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “পৃথিবীর ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। এর ছয়টি সিস্টেম রয়েছে। বাংলাদেশে রাজনৈতিক ও জনমানুষের আর্থ-সামাজিক পরিস্থিতি বিবেচনায় যে পদ্ধতিটি কার্যকর হবে, তা এখানে প্রণয়ন করা হবে। মূল ধারণা হচ্ছে নির্বাচনে প্রার্থী দল হয়, কোনো ব্যক্তি নয়।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে ভোট নেওয়া হবে দলের পক্ষে, ব্যক্তির স্বার্থের চেয়ে দলের স্বার্থকে প্রধান্য দেওয়া হবে। এতে কালো টাকা, পেশীশক্তি ও মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। পিআর সিস্টেমে, যদি কোনো দল টোটাল ভোটের এক শতাংশ পায়, তবে ৩টি আসন পাবে; ৩০ শতাংশ ভোট পেলে ৯০টি আসন। নির্বাচনের আগে দলগুলো নির্বাচনী কমিশনে ৩০০ জনের একটি তালিকা জমা দেবে এবং অর্জিত আসনের ভিত্তিতে তালিকার প্রথম অংশের সদস্যরা এমপি হিসেবে ঘোষণা করা হবে।
তিনি বলেন, “বর্তমান সিস্টেমে যে ভোটার যাকে ভোট দিয়েছে, সে বিজয়ী না হলে ভোটটি বাঁচে না। পিআর পদ্ধতিতে ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়, ক্ষুদ্র দলগুলোর অংশীদারিত্ব নিশ্চিত হয় এবং কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট গঠিত হয়। তালিকার প্রথম অংশে উচ্চশিক্ষিত, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়, যা দক্ষ সংসদ গঠনে সহায়ক হবে।”
বিএনপির অনড় অবস্থার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপি অনড় থাকতে পারে, আমরা তো অনড়। আমাদের দাবি পিআর দেওয়া। কে অনড় থাকলো বা থাকলো না, তাতে আসে-যায় নেই। আমাদের ন্যায্য দাবি আমরা তুলে ধরেছি এবং ভবিষ্যতেও এ অনড় অবস্থানে থাকব, ইনশাআল্লাহ।”
জেলা আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এবং অঞ্চল টিম সদস্য মওলানা আশেক এলাহী। এছাড়া জেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, আবদুস সামাদ, আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য মওলানা আলমগীর হোসাইন, হেমায়েতুল হক হিমু, জামিরুল হক টুটুল, খিয়াম উদ্দিন, ড. আব্দুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।