প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবিতে শিল্পী-গণমাধ্যম ব্যক্তিত্বদের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় কয়েকজন জনপ্রিয় শিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্বের বিরুদ্ধে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বিক্ষোভ করেছেন একদল ছাত্র-জনতা।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং পরবর্তীতে টিএসসির ঘৃণা চত্বরে তারা জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করে স্লোগান দেন। ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক বলেন, “গত ১৬ বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক ফ্যাসিবাদের পাশাপাশি দেশে সাংস্কৃতিক ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। মুজিববাদী ও বাকশালপন্থী চেতনার ভিত্তিতে সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবারও সেই ধারা ফিরিয়ে আনার চেষ্টা করছে।”

অন্য বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার দীর্ঘ মেয়াদী শাসনকালে রাজনৈতিক ফ্যাসিবাদের পাশাপাশি সাংস্কৃতিক আধিপত্যও চাপিয়ে দেওয়া হয়েছিল। তারা ঘোষণা দেন, “জুলাই অভ্যুত্থানের পর দেশে মুজিববাদ প্রতিষ্ঠার আর কোনো চেষ্টা বরদাশত করা হবে না। কালচারাল ফ্যাসিস্টদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে।”

বিক্ষোভকারীদের হাতে থাকা পোস্টার ও স্লোগানে যেসব শিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্বের নাম উল্লেখ করা হয় তাদের মধ্যে রয়েছেন: ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী, গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, অভিনেতা সিয়াম, মেহজাবিন চৌধুরী, অরুণা বিশ্বাস, মেহের আফরোজ শাওন, আব্দুন নূর তুষারসহ আরও অনেকে।

এ সময় তারা সাংস্কৃতিক ফ্যাসিবাদ প্রতিরোধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন এবং সংশ্লিষ্টদের বয়কটের ডাক দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা