প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রথম বর্ষ থেকেই অধ্যয়ন জরুরি – নুরুল ইসলাম সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম পড়াশোনার গুরুত্ব এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজন করা নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আদু ভাই হওয়ার সুযোগ নেই। প্রথম বর্ষ থেকেই কঠোরভাবে পড়াশোনা করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “সমসাময়িক সময়ে স্বাধীন হওয়া দেশগুলো উন্নয়নের দিক থেকে আমাদের অনেক এগিয়ে গেছে। উদাহরণস্বরূপ, সিঙ্গাপুর একসময় জেলে পরিণত হয়েছিল, কিন্তু এখন তাদের শিক্ষা, অর্থনীতি এবং রাষ্ট্রব্যবস্থা আমাদের চেয়ে অনেক উন্নত। দুর্নীতি আমাদের পিছিয়ে রাখার অন্যতম কারণ।”

নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু বিসিএস ক্যাডার তৈরির জায়গা নয়, এটি গবেষণা ও জ্ঞান আহরণের কেন্দ্র। তবে আমাদের শিক্ষা ব্যবস্থা বেকারত্ব কমাতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাসে শিক্ষার্থী কম থাকলেও লাইব্রেরিতে বিসিএস পড়তে শিক্ষার্থীর অভাব নেই।”

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “ফার্স্ট ইয়ারকে কখনো রেস্ট ইয়ার মনে করা যাবে না। নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করা জরুরি। জ্ঞান অর্জন করে দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলুন।”

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী, ইরামনাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস ইউরোপীয় কমিশনের আঞ্চলিক পরিচালক আশিকুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী এবং ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ২,২০০ শিক্ষার্থীকে বরণ করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা