প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুরে আকাশছোঁয়া ইলিশের দাম, ভরা মৌসুমেও ক্রেতার নাগালের বাইরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫

ইলিশের জন্য খ্যাত চাঁদপুরে ভরা মৌসুমেও সাধারণ মানুষের পাতে ইলিশ যেন স্বপ্নের খাবার হয়ে উঠেছে। পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম এতটাই বেড়েছে যে ক্রেতাদের পক্ষে কেনা কঠিন হয়ে পড়েছে।

চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে সবচেয়ে বড় আকারের ইলিশ বিক্রি হয়েছে কেজি প্রতি ২৭০০ টাকায়। আর এক কেজির নিচে ওজনের ইলিশও বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতি জানায়, শুক্রবার (১৫ আগস্ট) বাজারে প্রায় ৩০০ মণ ইলিশ উঠেছিল। এর মধ্যে মাত্র ১০০ মণ এসেছে পদ্মা-মেঘনা থেকে, বাকিটা এসেছে উপকূলীয় অঞ্চল থেকে। যদিও গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি দাম ২০০-২৫০ টাকা কমেছে, তারপরও সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে ইলিশ।

একসময় বর্ষার মৌসুম মানেই ছিল বাঙালির ঘরে ইলিশ উৎসব। কিন্তু এখন সেই দৃশ্য ফিকে হয়ে গেছে। স্থানীয় জেলেদের অভিযোগ, নিষিদ্ধ কারেন্ট, মশারি ও ফাঁদ জালের কারণে ইলিশ আর ঝাঁক বেঁধে পদ্মা-মেঘনায় ওঠে না। ফলে ইলিশের সরবরাহ কমে গেছে ভয়াবহভাবে।

চাঁদপুরের প্রবীণ জেলে রশীদ ছৈয়াল বলেন, “আগে নদীতে জাল ফেললেই ইলিশ উঠত, এখন নদী প্রায় ফাঁকা।” তরুণ জেলে আলমগীর শেখ জানান, মাঝেমধ্যে ইলিশ পেলেও তা দিয়ে সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে।

চাঁদপুরের বড়স্টেশন মাছ বাজারের ব্যবসায়ীরা বলছেন, আগে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার মণ ইলিশ উঠত, এখন তা নেমে এসেছে মাত্র ২-৩ শত মণে। তবে বড় আকারের ৩ কেজি ওজনের রাজা ইলিশ এখনো বাজারে দেখা যাচ্ছে, যেগুলোর দাম ২৭০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত। কিন্তু তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানিয়েছেন, ইলিশ সরবরাহ বাড়াতে বড়স্টেশন সংলগ্ন তিন নদীর মোহনায় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইলিশ গবেষক ড. মোহাম্মদ আনিছুর রহমান মনে করেন, জলবায়ু পরিবর্তন, নদীতে চর ও ডুবোচরের সৃষ্টি এবং মাইক্রোপ্লাস্টিক দূষণ ইলিশের জন্য বড় হুমকি। তিনি বলেন, “নিষিদ্ধ জাল নিয়ন্ত্রণ ও নদী দূষণ কমানো ছাড়া সংকট কাটবে না।”

মৎস্য বিভাগ জানায়, প্রতিবছর জাটকা সংরক্ষণ কর্মসূচি ও ইলিশের ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে উৎপাদন কিছুটা বেড়েছে। বর্তমানে দেশে ইলিশ উৎপাদন প্রায় পৌনে ৬ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে বলে দাবি তাদের।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা