জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গলায় সুপারি আটকে ৮ মাস বয়সী সাফুয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত সাফুয়ান উপজেলার পলিশা গ্রামের জনি মিয়ার ছেলে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পলিশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ঘরের মেঝেতে খেলার সময় পরিবারের অগোচরে শিশুটি একটি সুপারি মুখে দেয়। কিছুক্ষণ পর শ্বাসকষ্ট শুরু হলে শিশুটি ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিব হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে সাফুয়ানকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।