প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নেত্রকোনায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫

নেত্রকোনার কলমাকান্দায় মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আছর উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার লেঙ্গুরা বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আছর উদ্দিন উপজেলার খারনই ইউনিয়নের বটতলা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, আছর উদ্দিনের স্ত্রী শাহিনা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার দিন দুপুরে বড় ভাই মনির হোসেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্ত্রীকে বাবার বাড়ি কেবলপুর গ্রামে নিয়ে যাচ্ছিলেন তিনি।

লেঙ্গুরা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ শাহিনা আক্তার চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়েন। স্ত্রীকে বাঁচাতে আছর উদ্দিনও দ্রুত লাফ দিলে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে বড় ভাই ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা