প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে: রাকিবুল ইসলাম রাকিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) তিনি এ তথ্য জানান।

রাকিবুল ইসলাম রাকিব জানান, ৯ আগস্ট হলসমূহে ছাত্র রাজনীতির ধরন নির্ধারণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছিল। আজকের সাক্ষাতে প্রশাসন জানিয়েছে, এই বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। ইতিমধ্যে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের অভিমতও শোনা হবে। তিনি বলেন, “আমাদের ঘোষিত হল কমিটিগুলো বহাল থাকবে।”

গুপ্ত রাজনীতি প্রসঙ্গে রাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বীকার করেছেন যে, ইসলামী ছাত্রশিবির পরিচয় গোপন করে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে প্রভাব বিস্তার করছে, যেমনটা আগে ছাত্রলীগও করেছে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসের অনেক সংকট এই গুপ্ত রাজনীতির কারণে তৈরি হয়েছে। প্রশাসন আশ্বস্ত করেছে যে, গুপ্ত রাজনীতি বন্ধের বিষয়টি রূপরেখায় অন্তর্ভুক্ত থাকবে।

ছাত্রদল সভাপতি আরও জানান, সচেতন ছাত্র সংগঠন হিসেবে তারা সবসময় প্রশাসনের পাশে আছেন। একই সঙ্গে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচার দাবি করেছেন। প্রশাসন নাকি জানিয়েছে, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় নতুন অভিযুক্ত যুক্ত করার বিষয়ে কাজ চলছে।

তিনি অভিযোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’ নামের ফেসবুক গ্রুপে নারী শিক্ষার্থী, শিক্ষক ও আন্দোলনকারীদের নিয়ে কটূক্তি, হয়রানি এবং অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষভাবে তিনি উল্লেখ করেন, গ্রুপের অ্যাডমিন ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত এবং ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে ঘিরে সৃষ্ট মবের অন্যতম নেতৃত্ব দিয়েছেন।

প্রশাসনকে আহ্বান জানিয়ে রাকিব বলেন, কারা ছাত্রদলকে লক্ষ্য করে সাইবার বুলিং করছে এবং গুপ্ত রাজনীতির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তা তদন্ত করা জরুরি। পাশাপাশি শনিবারের মধ্যেই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, হলে ছাত্র রাজনীতির ধরন চূড়ান্ত এবং ছাত্রলীগের কমিটি ও মামলার অগ্রগতির আপডেট দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা