প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন—অন্যথায় কিশোরগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা ও দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হবে।

গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য ও সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় বিপ্লবী ছাত্রজনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আন্দোলনকারীদের সন্ত্রাসীসহ বিভিন্ন মিথ্যা অপবাদের কালিমা লিপ্ত করছেন। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ফজলুর রহমানকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় কিশোরগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি- যেন অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়া হয়। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ছাত্র-জনতা কোনো কর্মসূচি গ্রহণ করলে, তা থেকে উদ্ভূত পরিস্থিতির দায় বিএনপিকে বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা সারজিস আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে ভবিষ্যতে অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলার আশঙ্কা ব্যাক্ত করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পুনরায় রাজপথে নামার ঘোষণা দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা বলেন, এমন দিনে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি যখন বিপ্লবের এক বছরের মাথায় এই বিপ্লবীদেরকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। যেই মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি সেই মুজিববাদের সৈনিক, যে কিনা আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে পরিচিত অ্যাডভোকেট ফজলুর রহমান। যার প্রতিটা কথায় আওয়ামী ফ্যাসিবাদের কণ্ঠ শোনা যায়। যে কিনা আমাদের ছাত্র-জনতার বিপ্লবকে স্বীকার তো করেই না বরং এই বিপ্লবকে অস্বীকার, কুরুচিপূর্ণ বক্তব্য, শহীদদের অবমাননা, আহতদের তিরস্কারসহ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে আওয়ামী বয়ানে ঘায়েল করতে চান। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই- এই বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ, কোনো মুজিবাবাদী শাবককে আমরা মেনে নেব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান- অতিসত্বর এই মুখোশধারী মুজিবাবাদী শাবককে তার উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে বিএনপিকে দায়মুক্ত করুন।

বক্তারা আরও বলেন, আমরা এখনো ঘরে ফিরে যাইনি। যদি আমাদেরকে হয়রানিসহ অস্বীকার করার প্রবণতা দেখা যায়, আবার রাজপথে নেমে রক্ত দিতে প্রস্তুত আছি। ফজলুর রহমান গণঅভ্যুত্থানে শহীদ  ও আহতদের যেভাবে কটাক্ষ করছেন, এতে করে বিএনপির শতাধিক শহীদ ও আহতরাও কটাক্ষের স্বীকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স। এছাড়াও সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, সদস্য আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, মিয়াদ, দেলোয়ার নেওয়াজ ভূইয়াঁসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা