প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জনগণ বিএনপি-জামায়াত কাউকেই ক্ষমতায় দেখতে চায় না: ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর জনগণ নতুন বাংলাদেশ চায়, যেখানে বিএনপি-জামায়াতের কোনো জায়গা নেই। তিনি দাবি করেন, কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় পুরনো ফ্যাসিবাদী রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে তরুণরাই মূল শক্তি বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুর।

নুরুল হক নুর বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেলেও গত এক বছরে বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন লক্ষ্য করি নি। দেশে এখনো পুরনো ফ্যাসিবাদী রাজনীতি চালু রয়েছে এবং পুরনো ফ্যাসীবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীজ রোপিত হয়েছিল ২০১৮ সালের কোটা আন্দোলনের মাধ্যমে। গণঅভ্যুত্থানের মূল শক্তিই ছিল ২০১৮ সালের কোটা আন্দোলন। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জনগণ বিএনপি জামায়াত কাউকেই ক্ষমতায় দেখতে চায় না। আগামীর সম্ভাবনাময় বাংলাদেশে তরুণরাই শক্তি। এই তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ। তরুণদের হাতে বাংলাদেশের শাসনতান্ত্রিক ক্ষমতা ন্যাস্ত হলে পথ হারাবে না বাংলাদেশ।

পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে। একটি কার্যকর পার্লামেন্ট হবে। সেজন্য আমরা বলেছি, নিম্ন কক্ষে না হলেও উচ্চকক্ষে আগামী নির্বাচন এবং আগামীর সংসদেই যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।

৪৮ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেয় নাই উল্লেখ করে ডাকসুর সাবেক ভিপি বলেন, দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের মসজিদের খতিব সব একযোগে পালাইছে। এই উদাহরণ থাকার পরও যদি কারও শিক্ষা না হয়, তাহলে তাদের জন্যও ভবিষ্যতে নির্মম পরিণতি অপেক্ষা করছে। তাই আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে। ৪৮ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেয়নাই তারা কাকে ভোট দিবে। কাজেই ১০টা হুন্ডা, ২০টা গুন্ডার ভয় দেখিয়ে, প্রশাসন দিয়ে ভোট কেন্দ্র দখল করে কেউ এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার গঠন করবেন; সেই ইতিহাস ভুলে যান। আগের দিন নাই।

রাজশাহী মহানগর গণঅধিকার পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবির, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের দলীয় প্রার্থী মোহাম্মদ শাজাহান আলী, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি প্রকৌশলী রাজিব হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের মোঃ মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা