প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার পতনের পর থেকেই আমি সতর্ক করেছিলাম, সামনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন আসছে। তখন অনেকেই ভেবেছিলেন প্রতিদ্বন্দ্বী নেই, তাই নির্বাচন সহজ হবে। কিন্তু আজকের পরিস্থিতি প্রমাণ করছে আমার আশঙ্কা সঠিক ছিল।”

সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিএনপি আড়াই বছর আগে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব দিয়েছিল। এখন যে সংস্কারের কথা বিভিন্ন দল বলছে, তার অধিকাংশই বিএনপির আগেই উপস্থাপিত ছিল। তিনি বলেন, “আমরা কাউকে ছোট করে কথা বলতে চাই না, বরং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, বিএনপির অভিজ্ঞতা রয়েছে খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নারীদের শিক্ষার আলোয় আনা, শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং দেশের মানুষের জন্য কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে। তারেক রহমানের মতে, “রাষ্ট্র ঠিক না থাকলে ১৮ কোটি মানুষ কোথায় যাবে? এই ৫৫ হাজার বর্গমাইলই আমাদের প্রথম ও শেষ আশ্রয়স্থল।”

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের মূল পুঁজি জনগণ, আর জনগণের আস্থা ও বিশ্বাস রক্ষাই সবচেয়ে বড় দায়িত্ব। “একজন আরেকজনের দিকে খেয়াল রাখবেন, যাতে কারও কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত না হয়,” যোগ করেন তিনি।

সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা