প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কারাবন্দি যবিপ্রবির সাবেক উপাচার্য স্ট্রোকে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫

দুর্নীতির মামলায় কারাবন্দি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য ড. প্রফেসর আব্দুস সাত্তার (৭০) স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, আব্দুস সাত্তার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মুখ দিয়ে লালা বের হতে থাকে। স্ট্রোকের আশঙ্কায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার পরবর্তী হাজিরার তারিখ ২০ আগস্ট নির্ধারিত রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সাফায়েত হোসাইন জানান, সিটি স্ক্যানের ফলাফলে দেখা গেছে, তার মস্তিষ্কে রক্ত চলাচলে বিঘ্ন ঘটেছে। বর্তমানে তিনি চিকিৎসা ও পর্যবেক্ষণে আছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আব্দুস সাত্তারের ছেলে ওয়াসিফ সাত্তার লেখেন, দুর্নীতি দমন কমিশনের দুটি মামলায় প্রায় দেড় মাস ধরে আমার বাবা কারাবন্দি। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাবার মতো সম্মানিত ব্যক্তিকে শেষ জীবনে অপমান ও হেনস্তা করা হচ্ছে। তিনি এই অপমান সহ্য করতে পারেননি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা